পোস্ট মাস্টার
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড়
করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। জলের মাছকে ডাঙায়
তুলিলে যে-রকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই
দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে
তাঁহার আপিস; অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারি পাড়ে জঙ্গল। কুঠির গোমস্তা
প্রভৃতি যে-সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহার
ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে।